ভারতের মহারাষ্ট্রে করোনার দ্বিতীয় ঢেউয়ের গতি কিছুটা কমের দিকে। তবে স্বস্তির নিশ্বাস ফেলার সুযোগ নেই মহারাষ্ট্র সরকারের। রাজ্যে গত ২ মাসে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৬ হাজার ৫৫৪ জনের। রাজ্যটিতে করোনায় এই মৃত্যুর হার চিন্তায় ফেলেছে স্থানীয় প্রশাসনকে।
রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে বলেছেন, করোনার তৃতীয় ঢেউ রুখতে রাজ্যের যে ১৮টি জেলায় করোনা সংক্রমণের হার বেশি, সেসব জেলায় হোম আইসোলেশন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। এসব জেলায় করোনা সংক্রমিত রোগীদের কোয়ারেন্টিন সেন্টারে যেতে হবে। দ্বিতীয় ঢেউয়ের সময় হোম আইসোলেশনে থাকা রোগীদের কারণে সংক্রমণের সংখ্যা আরও বেড়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
মুম্বাইতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত রোগীর সংখ্যা ৬ লাখ ৯৯ হাজার ৯০৪। আর করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ লাখ ৫৫ হাজার ৪২৫ জন। শহরটিতে এ পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ১৪ হাজার ৭০৮ জন।

0 التعليقات: